৫৫ বছর পর ফের চালু হলো চিলাহাটি- হলদিবাড়ীর রেল রুট
দি নিউজ লায়ন ; দীর্ঘ ৫৫ বছর পর ফের চালু হলো বাংলাদেশের নীলফামারীর চিলাহাটির সঙ্গে ভারতের হলদিবাড়ীর রেল রুট। উল্লেখ্য, ১৯৬৫ সালে পাকিস্তান-ভারত যুদ্ধের সময় বন্ধ হয় এই রেল যোগাযোগ। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সে এই রেল যোগাযোগের উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে শেখ হাসিনা এবং নয়াদিল্লি থেকে নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সে এ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।
বাংলাদেশের নীলফামারী জেলার সীমান্তবর্তী রেল স্টেশনটির নাম চিলাহাটি। এ স্টেশন থেকে সীমান্ত ৬ দশমিক ৭২৪ কিলোমিটার। অপরদিকে ভারতের হলদিবাড়ি রেলস্টেশন থেকে ৬ দশমিক ৫ কিলোমিটার দূরে বাংলাদেশ সীমান্ত। দুই দেশের রেলওয়ে কর্তৃপক্ষ সীমান্ত পর্যন্ত রেলপথ নির্মানের কাজ শেষ করেছে। উদ্বোধনের এ দিনে মালবাহী ট্রেন চিলাহাটি স্টেশন থেকে ভারতের হলদিবাড়ি স্টেশনে পৌঁছাবে। আর আগামী ২৬ মার্চ থেকে চলাচল করবে যাত্রীবাহী ট্রেন।
এই রেলপথের কারণে এলাকার বেকার ও কর্মহীনরা কাজ পাবেন বলে আনন্দে উদ্বেলিত চিলাহাটিসহ নীলফামারীবাসী। শুধু চিলাহাটি-হলদিবাড়িই নয়, এ রেলপথে ঢাকা-শিলিগুড়ি, কলকাতা-শিলিগুড়ি ও খুলনা-শিলিগুড়ি রুটে ট্রেন চলাচল করবে বলে জানা গিয়েছে।

Post a Comment